বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে কম্বল ও কসমেটিকস পণ্য জব্দ
- আপডেট: ০৩:২৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
- / ১০৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৭ নভেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টসংলগ্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল আটক করে।
বিজিবি জানায়, গোপন তথ্যে ভিত্তিতে পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, চকলেট, বিভিন্ন খাদ্য সামগ্রী ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বাজারমূল্য ৩,১৯,১০০ টাকা (তিন লাখ ঊনিশ হাজার একশ) বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর অংশ হিসেবে ধারাবাহিক অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শাড়ি ও কসমেটিকসসহ বিভিন্ন জব্দকৃত সামগ্রী আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















