যশোরের নতুন জেলা প্রশাসক আশেক হাসান
- আপডেট: ১২:৫৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১০৬

নিজস্ব প্রতিবেদক: যশোরে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আশেক হাসান। তিনি এর আগে ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, বর্তমান জেলা প্রশাসক মো. আজহারুল ইসলামকে বদলি করে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ২০২৫) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি পৃথক প্রজ্ঞাপনে দেশের ২৩ জেলায় জেলা প্রশাসক পদে ব্যাপক রদবদল করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস. এম. মেহেদী হাসানকে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমানকে নেত্রকোণায় এবং অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদকে চাঁপাইনবাবগঞ্জে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ সাইফুল ইসলামকে নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাতকে খাগড়াছড়িতে এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানকে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া, জনবিভাগের উপসচিব মো. রায়হান কবিরকে নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




















