বাঘারপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে ছয়টি দোকান
- আপডেট: ০৪:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ৮৫

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর)ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৬টি দোকান পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গত ২০ অক্টোবর রাতে উপজেলার চাড়াভিটা বাজারের যশোর-নড়াইল সড়কের পাশের দোকান গুলিতে এই আগুনের ঘটনা ঘটে।
জানা গেছে এদিন, রাত সাড়ে তিন টার দিকে এ অগ্নিকান্ড দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে দুইটি পেঁয়াজুর দোকান, একটি পানের দোকান, একটি মিষ্টির দোকান, একটি চা পানের দোকান ও একটি বেকারি ও ফলের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, রাত সাড়ে তিনটার দিকে মসজিদের পাশে জিয়াউর রহমানের দোকানে আগুন লাগে। দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় মুহুর্তেই আগুন পুরো দোকান ছড়িয়ে পড়ে। এরপর পাশের দোকান রিজাউল দফাদার, কামাল হোসেন, এয়াকুব খান, বাবু ঘোষ, জিয়াউর ও জুলফিক্কার আলীসহ ৬জন ব্যবসায়ীর দোকান পুড়ে যায়।
এবিষয়ে, বাঘারপাড়া ফায়ার ব্রিগেডের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা।






















