বেনাপোলে বিজিবি’র অভিযানে বিভিন্ন চোরাচালান মালামাল জব্দ
- আপডেট: ০৮:৫৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / ৭৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় নয় লাখ টাকার মালিকবিহীন চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৭ অক্টোবর-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, টু-পিস, বিভিন্ন ধরনের ঔষধ এবং কসমেটিকস সামগ্রী আটক করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী,এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিশেষ অভিযান চালিয়ে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজকের এ অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, “সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী নিয়মিত আভিযানিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।”
বিজিবি আরও জানায়, জব্দ করা পণ্য পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।






















