বেনাপোলে বিজিবির অভিযানে শাড়ি-কম্বলসহ ৫২টি কসমেটিক্স পণ্য জব্দ
- আপডেট: ১০:২৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৬ জুলাই-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৮টি ভারতীয় শাড়ি, একটি কম্বল, ১৪ কেজি ফুসকা এবং ৫২টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।
জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান মালামাল আইনানুগ প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান পণ্য পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















