চৌগাছায় ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- আপডেট: ১০:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা থানায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৬ জুলাই ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্পে কর্মরত এসআই মো. বায়েজীদ মোল্লা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাশাপোল গ্রামের আমজামতলা বাজার এলাকার ইমরান মার্কেটের উত্তর-পূর্ব পাশের একটি গলিতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মো. ইমরান হোসেন (৩০) ও মো. জুয়েল বিশ্বাস (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ইমরান হোসেন চৌগাছা থানার বানরহুদা গ্রামের আকিমুল ইসলামের ছেলে। অপর গ্রেপ্তার জুয়েল বিশ্বাস বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাস ওরফে সাইপারের ছেলে। উভয়েই চৌগাছা থানার বাসিন্দা।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















