শার্শা থানার নবাগত ওসি শামিনুল হকের যোগদান, অপরাধ দমনে চাইলেন সহযোগিতা
- আপডেট: ১১:১৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. শামিনুল হক।
রোববার (২৮ জুন-২০২৬) সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে থানার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বাগেরহাটের শরণখোলা থানায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ওসির দায়িত্ব পালন করেন।
এছাড়াও চৌকস এই পুলিশ কর্মকর্তা পূর্বে সাতক্ষীরা সদর থানায় ওসির দায়িত্ব পালনকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার ‘জেলার শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা লাভ করেন।
থানা সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি শামিনুল হক শার্শা থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় তিনি উপস্থিত সকল পুলিশ সদস্যকে পেশাগত দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার সঙ্গে পালনের কঠোর নির্দেশনা দেন। একই সাথে থানায় আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত আইনি সেবা পান, তা নিশ্চিত করতে বলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শরণখোলা থানায় থাকাকালীন সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলা ও হরিণ শিকারিদের দৌরাত্ম্য দমনে বিশেষ অভিযান পরিচালনা করে বেশ প্রশংসিত হন ওসি শামিনুল হক।
এছাড়া শরণখোলার রায়েন্দায় প্রতিবন্ধী নারীর ওপর হামলা, জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ হত্যা, নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার এবং স্থানীয় বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনাগুলোর পর দ্রুত ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনি ব্যবস্থা গ্রহণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। সুন্দরবন থেকে মুক্তিপণ দিয়ে অপহৃত জেলেদের ফিরে আসার তদন্তেও তাঁর বিশেষ ভূমিকা ছিল।
নবাগত ওসি মো. শামিনুল হক বলেন, “শার্শা থানার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
সীমান্ত এলাকার অপরাধ নিয়ন্ত্রণে তিনি স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।





















