সীমান্তে বিজিবির পৃথক অভিযান ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক-১
- আপডেট: ০৫:০৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ১৫ পিস ভারতীয় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
বুধবার (১৭ জুন,২০২৬) খুলনা ব্যাটালিয়নের অধীন গোগা, অগ্রভূলাট ও দৌলতপুর বিওপির সদস্যরা দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
এ সময় মো. হৃদয় হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং ১৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান মালামাল ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ফলে পাচার চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















