শার্শায় বিজিবির অভিযানে ৩৮৯ বোতল ফেনসিডিল ও পিকআপসহ আটক-১
- আপডেট: ১০:২৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি পিকআপ ভ্যান ও একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন,২০২৬) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীনস্থ কায়বা বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ এবং এক ব্যক্তিকে আটক করে।
আটক ব্যক্তি হলেন সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)। তিনি যশোর জেলার মনিরামপুর উপজেলার পাচপোতা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. সৈয়দ মাফুয়ার রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৩৮৯ বোতল নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, “বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।”
তিনি আরও বলেন, “দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”





















