যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের পাঁচ কৃতী সন্তান
- আপডেট: ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- / ১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন যশোর জেলার পাঁচ কৃতী সন্তান।
বৃহস্পতিবার (৪ জুন-২০২৬) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদনের তথ্য জানানো হয়।
কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত অনুমোদিত তালিকা বিশ্লেষণে দেখা যায়, নবগঠিত এ কমিটিতে যশোর জেলার পাঁচ কৃতী সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন।
তারা হলেন— এম তমাল আহমেদ, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ, মাজেদুল ইসলাম রুমন, মহিন উদ্দিন রাজু এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন।
অনুমোদিত তালিকা অনুযায়ী, এম তমাল আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ আইনবিষয়ক সম্পাদক, মাজেদুল ইসলাম রুমন পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক, মহিন উদ্দিন রাজু গণশিক্ষাবিষয়ক সম্পাদক এবং ডা. মাহমুদুল হাসান খান সুমন সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার মূল্যায়ন হিসেবে এসব নেতাকে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের পাঁচ কৃতী সন্তান প্রতিনিধিত্ব বৃদ্ধি পাওয়ায় জেলার নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, কেন্দ্রীয় পর্যায়ে যশোরের নেতাদের সক্রিয় উপস্থিতি জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন।
পাশাপাশি নতুন নেতৃত্বের সফলতা ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।



























