নেতানিয়াহুকে ‘পাগল’ বললেন ট্রাম্প, ফোনালাপে উত্তপ্ত বাক্যবিনিময়
- আপডেট: ১১:৪২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৭

আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোনালাপে ‘পাগল’ বলে অভিহিত করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর প্রতিবেদন অনুযায়ী, লেবাননের বেইরুটে ইসরায়েলি হামলার তীব্রতা এবং তার ফলে আন্তর্জাতিক মহলে ইজরাইলের ক্রমবর্ধমান বিচ্ছিন্নতা নিয়ে ট্রাম্প প্রচণ্ড বিরক্ত।
ফোনালাপে তিনি নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ বলে সম্বোধন করেন।
সূত্রের বরাতে জানা যায়, ট্রাম্প নেতানিয়াহুকে উন্মাদ বলেছেন।
উত্তেজিত হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনি একটা আস্ত উন্মাদ। আমি না থাকলে আপনি জেলে যেতেন। আমিই আপনার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এই কারণে সবাই ইজরায়েলকেও ঘৃণা করে।’ এমনকি শোনা গিয়েছে, ফোনালাপ চলাকালীন ক্ষুব্ধ ট্রাম্প এক পর্যায়ে চিৎকার করে বলেন ওঠেন, ‘আপনি এসব কী করছেন?’
লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং বড় আকারের বিমান হামলা ট্রাম্পের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফোনালাপে ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের সামরিক তৎপরতা যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ, বিশেষ করে ইরানের সঙ্গে চলমান সংবেদনশীল আলোচনাকে জটিল করে তুলতে পারে।
অন্যদিকে ইরানও সতর্ক করে বলেছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যাহত হতে পারে।
এদিকে ট্রাম্প পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেন, নেতানিয়াহুর সঙ্গে তার “গঠনমূলক আলোচনা” হয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, বেইরুটের দিকে অগ্রসর ইসরায়েলি সেনাদের কার্যক্রম সীমিত করা হয়েছে এবং কিছু পর্যায়ে সমঝোতার ইঙ্গিত মিলেছে।
তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর ভিন্ন অবস্থান জানিয়ে বলেছে, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি হিজবুল্লাহর হামলা বন্ধ না হলে বেইরুটে পুনরায় হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
দুই পক্ষের এই ভিন্ন বক্তব্যের মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

















