মাগুরায় শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া সম্মেলন ও গুণীজন সংবর্ধনা
- আপডেট: ০৬:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১১

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলার উত্তরধর্মসীমা গ্রামে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মতুয়া সম্মেলন, হরিকীর্তন এবং মিলনমেলা।
উত্তরধর্মসীমা গ্রামের প্রয়াত ব্যক্তিবর্গের স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাস। ১ মার্চ উত্তরধর্মসীমা সর্বজনীন পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ নিয়ে আলোচনা, কীর্তিমান শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা এবং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক বিশাল মিলনমেলা।
মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা ঠাকুরের উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিঠুন রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে মতুয়া মিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর থেকে আগত গৌতম বিশ্বাস, ঝিনাইদহের তিতাস বিশ্বাস, মাগুরার পঙ্কজ বিশ্বাস, শালিখার আলিম মোল্লা, মিন্টু কুমার বিশ্বাস ও সম্রাট বালা। এছাড়া সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি বাহারুল ইসলাম, সহ-সভাপতি তারিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী প্রমুখ।অনুষ্ঠানে শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের অমর বাণী—“সত্য, প্রেম, পবিত্রতা, মেনে চলবে তিনটি কথা” এবং জগৎমাতা শান্তিদেবীর আদর্শকে ধারণ করে সমাজ থেকে কুসংস্কার দূর করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানের বন্দনা করেন চয়নিকা বর।চন্দন বরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় সহস্রাধিক ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে এক আনন্দঘন পরিবেশে প্রীতিভোজের আয়োজন করা হয়।



















