ঝিকরগাছায় নিহত বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীমের পরিবারের পাশে দাঁড়ালেন যশোরের এসপি সৈয়দ রফিকুল ইসলাম
- আপডেট: ১১:৫৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৫৭

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা থানার আলোচিত বুদ্ধি প্রতিবন্ধী ভ্যানচালক শামীম পারভেজ (২১) হত্যাকাণ্ডে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়ে নিহত শামীম পারভেজের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন পুলিশ সুপার। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মানবিক সহায়তা হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, শামীম পারভেজ পেশায় একজন ভ্যানচালক ছিলেন এবং তিনি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। গত ৩০ জানুয়ারি সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ঝিকরগাছা থানার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে আঙ্গারপাড়া নাইলপুকুরের পাশে শামীম হোসেন (২৮) নামের এক ব্যক্তির কলাবাগান থেকে শামীম পারভেজের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিল এবং তার গলায় তার ও লুঙ্গি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
ঘটনার পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ঝিকরগাছা থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি রাত ১টা ২০ মিনিটে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকেও হেফাজতে নেওয়া হয়। এ সময় ভিকটিমের ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত ওই সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম।























