ঝিকরগাছা থানা পুলিশের ক্লুলেস ভ্যানচালক হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘন্টার মধ্যে উদঘাটন, গ্রেপ্তার ২
- আপডেট: ১০:১০:২১ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৪৪

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় প্রতিবন্ধী ভ্যান চালককে হত্যা করে মরদেহ কলাবাগানে ফেলে রাখার ঘটনায় দ্রুত সাফল্য দেখিয়েছে ঝিকরগাছা থানা পুলিশ। ২৪ ঘন্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, ছিনতাইকৃত ভ্যান উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি সকালে ঝিকরগাছা থানাধীন ০২ নম্বর মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামের একটি কলাবাগান থেকে শামীম পারভেজ (২১) নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম পারভেজ কীর্ত্তিপুর (হাওয়ার মোড়) এলাকার বাসিন্দা এবং পিতা মোঃ হায়াতুল ইসলাম। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন এবং কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। তিনি ২৯ জানুয়ারি রাত থেকে নিখোঁজ ছিলেন।
মৃতদেহ উদ্ধার এর সময় নিহতের গলায় তার ও লুঙ্গি পেঁচানো ছিল এবং মরদেহটি শুকনো ঘাস দিয়ে ঢেকে রাখা ছিলো। খবর পেয়ে ঝিকরগাছা থানার এসআই (নিঃ) পলাশ দাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
এ ঘটনায় নিহতের মাতা পারুল (৪৯) বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) হুসাইন আহমেদ।
তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত ৩১ জানুয়ারি রাত আনুমানিক ১টা ২০ মিনিটে শ্রীরামপুর এলাকার বাসিন্দা ইসমাইল এর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (২১)কে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত জুয়েল এর শিশু পুত্র মোঃ মামুন (১২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ইব্রাহিম খলিলের বসতবাড়ির দক্ষিণ-পূর্ব পাশে রান্নাঘরের পেছনে খড়ের গাদার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নিহতের ব্যাটারিচালিত ভ্যানটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত ভ্যানটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের মধ্যে ২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সেখানে তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৫টায় প্রতিবন্ধী ভ্যানচালক পারভেজের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
















