সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১০:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
- / ৩৭

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ জানুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে WINCEREX কফ সিরাপ, শাড়ি ও শাল-চাদর জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯৬ হাজার ৬০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মাদকদ্রব্য মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অন্যান্য চোরাচালান পণ্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার জন্য বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনার আলোকে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


















