যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক-২
- আপডেট: ০৭:০০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৭৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (০৮ অক্টোবর-২০২৫) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পাঁচপীরতলা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিজিবি টহলদল বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, WINCEREX কফ সিরাপ, গোলমরিচ, কালোজিরা, বিভিন্ন ধরনের ঔষধ ও ভারতীয় শাড়ি জব্দ করে। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানপণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৬০ হাজার ২শত টাকা।
এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। এদের একজন ভারতীয় নাগরিক প্রকাশ সিকদার (৩৫), পিতা: পরিমল সিকদার, গ্রাম: চাঁদপাড়া বাজার, থানা: গাইঘাটা, জেলা: উত্তর ২৪ পরগণা। অপরজন বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আব্দুল শহীদ (৪২), পিতা: এবাদুল হক, গ্রাম: অগ্রভূলাট, থানা: শার্শা, জেলা: যশোর।
আটককৃত মাদকদ্রব্য ও আসামিদের শার্শা থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, “জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা আইনানুযায়ী ধ্বংস করা হবে। অপরদিকে, অন্যান্য চোরাচালানি পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”






















