পুটখালীতে বিজিবি’র হাতে ১ কেজি ওজনের ৯পিস স্বর্ণেরবারসহ পাচারকারী আটক
- আপডেট: ০৫:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ৬৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ১.০৪৯ কেজি ওজনের ৯টি স্বর্ণের বার ও একটি মোবাইল ফোনসহ এক স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৭ অক্টোবর-২০২৫) অভিযান চালায় খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধীনস্থ পুটখালী বিওপি’র একটি বিশেষ টহল দল।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের পরিকল্পনার তথ্য জানতে পারে বিজিবি। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. সফিয়ার রহমানের নেতৃত্বে একটি টহল দল পুটখালী গ্রামের উত্তরপাড়ায় পাকা রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয়।
কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে আসতে দেখে তাকে থামতে বলা হয়। কিন্তু বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান (৩৭)। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. কাদের আলী সর্দার।
পরবর্তীতে তার শরীর তল্লাশি করে কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১.০৪৯ কেজি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ১ হাজার টাকা।
আটক মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারী অফিসে এবং মোবাইল ফোনসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।






















