রাজারহাট বাসস্ট্যান্ড থেকে চারটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক করেছে বিজিবি
- আপডেট: ০৬:৪৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০

নিজস্ব প্রতিবেদক: যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা থেকে চারটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত স্বর্ণের ওজন ৪৬৬.৪৬ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকার বেশি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি অমিত বিশ্বাস (৩১), পিতা- রঞ্জন বিশ্বাস, গ্রাম- জাগির দেওলী,থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর।
বিজিবি জানায়, আটক ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ছিল স্বর্ণের বারগুলো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অমিত স্বীকার করে, সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।
আটকের সময় তার কাছ থেকে স্বর্ণের বার ছাড়াও একটি মোবাইল ফোন (মূল্য আনুমানিক ২০,০০০ টাকা) ও নগদ ২৩০ টাকা জব্দ করা হয়। সব মিলিয়ে সিজারের মোট আনুমানিক মূল্য দাঁড়ায় ৭০,৫০,২৪৮ টাকা।
বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, “বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় স্বর্ণ, মাদক, অস্ত্র, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালানি পণ্য আটক করতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”
আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ জমা দেওয়া হয়েছে যশোর ট্রেজারিতে।




















