শার্শার কন্যাদহে রাজনৈতিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-১
- আপডেট: ১১:৩৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৩২

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কন্যাদহ গ্রামে রাজনৈতিক বিরোধের জের ধরে মো. ইদ্রিস আলী (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (৩০ আগস্ট ২০২৫) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের ওই সময়ে ইদ্রিস আলী বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় একই গ্রামের নসিমদ্দি (৬০), তার ছেলে শফি (৪০), শাহ আলম (৩৮)সহ অজ্ঞাতনামা আরও ১৪-১৫ জন ধারালো রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইদ্রিসের পিঠে ও দুই হাতের আঙুলে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ইদ্রিসকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
আহত ইদ্রিসের চাচাতো ভাই জানান, রাজনৈতিক বিরোধের কারণেই এ হামলা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।























