যশোর কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় কর্মচারী আটক
- আপডেট: ০৮:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ৮৯

নিজস্ব প্রতিবেদক: যশোর কেন্দ্রীয় কারাগারে গাঁজা নিয়ে প্রবেশের সময় হাতেনাতে আটক হয়েছেন কারাগারেরই এক কর্মচারী।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আব্দুস শুকুর, যিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক গ্রামের মৃত সহিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে সিভিল স্টাফ হিসেবে কর্মরত।
জানা গেছে, সোমবার সকাল ৮টা ২০ মিনিটে কারাগারে প্রবেশের সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সহকারী প্রধান কারারক্ষী আবুল হাশেম শুকুরের দেহ তল্লাশি করেন। এ সময় তার শার্টের ভেতরে বুকের পাশে লুকানো অবস্থায় একটি পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে সঙ্গে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার এসআই ইলিয়াস হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনিছুর রহমান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুকুর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে প্রেরণের আদেশ দেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম বলেন, “ঘটনার পরপরই আমরা প্রাথমিক তদন্ত করেছি। শুকুর কারাগারের ভেতরে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। বিষয়টি কারা অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। পরবর্তীতে অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
এ ঘটনায় কারাগারে মাদক প্রবেশের নতুন শঙ্কা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা রোধ করতে হবে।





















