শার্শায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্ত ১০০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
- আপডেট: ১২:১৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১২২

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্রে থাকা অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার উলশী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কন্যাদহ গ্রামের দাখিল মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ৫০টি এবং অন্যান্য ইউনিয়নে আরও ৯৫০টি—মোট ১০০০ পরিবারের মাঝে শুকনো খাবার সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। এ সময় তিনি বলেন, “প্রতিবছর ভারতীয় উজান থেকে নেমে আসা পানির ঢলে এ অঞ্চলের মানুষ দুর্ভোগে পড়ে। এই সমস্যা সমাধানে দাউদখালী-রুদ্রপুর এলাকায় স্লুইচগেট ও বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কাজটি সম্পন্ন হলে এ অঞ্চলে আর এমন দুর্ভোগ পোহাতে হবে না।”
তিনি আরও জানান, বন্যার্তদের সহায়তায় ১৬ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে সোমবার ৬ টন বিতরণ করা হয়। অবশিষ্ট ১০ টন চাল মঙ্গলবার বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা ও প্রয়োজনীয় শুকনো খাবার। ইউএনও আশ্বাস দেন, “একজন বন্যার্তও ত্রাণ থেকে বঞ্চিত হবেন না।”
ত্রাণ পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করে বলেন, এ সহায়তা তাদের জন্য একান্ত প্রয়োজন ছিল। বন্যায় তাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, ফলে এই সাহায্য কিছুটা হলেও কষ্ট লাঘব করবে।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ৯নং উলাশী ইউনিয়নের প্রশাসক মো. রাশেদুজ্জামান রাশেদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হজরত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





















