শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদসহ বিভিন্ন অবৈধ মালামাল জব্দ
- আপডেট: ০৯:৪৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১০১

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে আবারও সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২০ আগস্ট ২০২৫) একদিনের পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশী মদ, অবৈধ চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা।
টহলদল শালকোনা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সংলগ্ন সীমান্ত এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক করা হয় বিদেশি মদ, শাড়ি, কীটনাশক, পাতার বিড়ি, তামাক, ওষুধ, বিটেক্স মলম ও কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৪৭ হাজার ৮৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র নিয়মিত গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, “মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে আমাদের প্রতিটি সদস্য সজাগ রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তে বিজিবি’র তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। অপরদিকে চোরাচালানী মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে যথাযথ কাগজপত্রের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।






















