ঝিকরগাছায় প্রতিবন্ধী শামীমের মোটর ভ্যান ছিনতাই
- আপডেট: ০১:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৯৬

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী হায়াতুল ইসলামের প্রতিবন্ধী পুত্র ভ্যানচালক শামীম পারভেজ (১৯) এর মোটর ভ্যানটি ছিনতাই হয়ে গিয়েছে।
গত ১৪ আগষ্ট দুপুরে পানিসারা ফুলমোড় থেকে নারাঙ্গালি গামী রাস্তায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শামীম এর মা পারুল বেগম বলেন, আমার স্বামী শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী। ছেলেও কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। ১ মাস আগে ৪০ হাজার টাকা লোন নিয়ে তাকে একটি মোটরভ্যান কিনে দিয়েছিলাম। গত ১৪ আগষ্ট বেলা সাড়ে ১১ টার দিকে অজ্ঞাতনামা ২ জন পুরুষ গদখালি যাওয়ার কথা বলে তার ভ্যানে ওঠে। গদখালি গিয়ে তারা পানিসারা ফুলমোড়ে যেতে বলে। সেখান থেকে নারাঙ্গালি গামী রোডে ফাঁকা মাঠের মধ্যে নিয়ে আমার ছেলেকে মারপিট করে জখম করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ভ্যানটি ছিনিয়ে নেয়।
এই ঘটনায় আতংকে ছেলেটি আরও অসুস্থ হয়ে পড়েছে। একদিকে প্রতিবন্ধী স্বামী সন্তান অন্যদিকে লোনের কিস্তি নিয়ে আমি অথৈ সাগরে পড়েছি। তিনি এই ঘটনায় ছিনতাইকারীদের আটক করে ভ্যানটি উদ্ধারের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।




















