বিজিবি’র অভিযানে বেনাপোল ও রঘুনাথপুর সীমান্তে গাঁজাসহ সাড়ে ৬ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক
- আপডেট: ০৯:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৯৩

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, শাড়ি, পলিথিন, পোশাক ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৫ আগস্ট-২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর ব্যাটালিয়নের রঘুনাথপুর বিওপি এবং বেনাপোল আইসিপি ক্যাম্পের আওতাধীন সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে আটককৃত মাদক ও চোরাচালানী মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫৭ হাজার ৬৬০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, “দীর্ঘদিন ধরেই মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিতভাবে সফল অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।”
তিনি আরও জানান, “সীমান্তে বিজিবি’র এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরালো ভাবে অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, জব্দকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে। আটককৃত অন্যান্য মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




















