ঝিকরগাছা হসপিটাল রোডে মাদকের আখড়া: প্রকাশ্যে সেবন, উদ্বেগে স্থানীয়রা
- আপডেট: ০৯:২৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ২০০

নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা হসপিটাল রোড ও আশপাশের এলাকায় ভয়াবহভাবে বিস্তার লাভ করেছে মাদক সেবন ও কেনাবেচা। প্রতিদিন প্রকাশ্যে মাদক সেবন ও সরবরাহের দৃশ্য এখন এলাকাবাসীর কাছে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মপুকুর কাশীপুর সংলগ্ন হসপিটাল রোড ও আশপাশের এলাকায় প্রতিদিন দুপুর ১১টা থেকে ২টা এবং সন্ধ্যার পর থেকেই মাদক সেবীদের আনাগোনা শুরু হয়। বিশেষ করে হসপিটাল সংলগ্ন অংশ ও মহানগর মসজিদের আশপাশে মোটরসাইকেল ও প্রাইভেটকারে করে এসে অনায়াসে মাদক গ্রহণের দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, এই এলাকায় মাদকসেবীদের এমন প্রকাশ্য কার্যকলাপ রোগী, পথচারী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় মাদকাসক্তরা নেশাগ্রস্ত অবস্থায় অশালীন আচরণ, শব্দ দূষণ এবং ঝগড়া-বিবাদেও জড়িয়ে পড়ে, যা পুরো পরিবেশকে অশান্ত করে তুলছে।
এলাকাবাসীর দাবি, মাদকের এই অবাধ বিস্তার শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ নয়, বরং তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা মনে করেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আরও কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চালানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
ঝিকরগাছাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে, যেন দ্রুত এই এলাকায় মাদক সেবন ও কেনাবেচা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। নইলে অদূর ভবিষ্যতে এই এলাকা মাদকের অঘোষিত রাজধানীতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।




















