সীমান্ত চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে গাতিপাড়ায় বিজিবি’র জনসচেতনতামূলক সভা
- আপডেট: ১০:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৯১

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধীনস্থ বেনাপোলের দৌলতপুর বিওপির উদ্যোগে গাতিপাড়া গ্রামে সীমান্তবর্তী জনগণের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট-২০২৫) বিকেলে গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন দৌলতপুর বিওপির সুবেদার ফখরুল ইসলাম। তিনি বলেন, “সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও পুশ ইন-এর ঘটনা বাড়ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই সীমান্তের জিরো লাইন অতিক্রম করা যাবে না। অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ গুলি চালাতে পারে। মাছ ধরার উদ্দেশ্যেও সীমান্তঘেঁষা নদীতে যাওয়া থেকে বিরত থাকতে হবে।”
সভায় সীমান্ত চোরাচালান, মাদকদ্রব্যের অপব্যবহার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশসহ অন্যান্য সীমান্ত-সংক্রান্ত অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এছাড়াও এসব অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং সহযোগিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার উপর জোর দেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা জানান, সাধারণ মানুষের সহায়তা ছাড়া সীমান্ত অপরাধ নির্মূল সম্ভব নয়। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, মসজিদের ইমাম, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন এবং বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানান।




















