শার্শায় অপরাধ প্রতিরোধ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ইউনিয়ন পর্যায়ে নবগঠিত অপরাধ প্রতিরোধ কমিটির সদস্যদের নিয়ে পরিচিতি ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর-২০২৬) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান।
সভায় উপজেলার ১১টি ইউনিয়নে নবগঠিত অপরাধ প্রতিরোধ কমিটির সদস্যদের পরিচিতি, দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী প্রোগ্রামার শুভেন্দু হালদার, বেনাপোল পোর্ট থানার প্রতিনিধি এসআই মোহাম্মদ মামুন শেখ, উপজেলা জামায়াতের আমির ফারুক হাসান, নায়েবে আমির ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীরসহ উপজেলার ১১টি ইউনিয়নের নবগঠিত অপরাধ প্রতিরোধ কমিটির সদস্যরা।





















