শার্শায় আইনশৃঙ্খলা রক্ষায় বিট পুলিশিং সভা ও উঠান বৈঠক
- আপডেট: ০৯:৩৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১০

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর-২০২৬) গোগা বাজার, পাঁচভুলাট এলাকা ও পি কে রাজগঞ্জ স্কুল প্রাঙ্গণে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই শেখ মোঃ জাহিদুল আলম, বিট অফিসার এসআই মোঃ সবুজ গাজী, পিএসআই শফিউল ইসলাম মুকুলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ শামিনুল হক বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত বিট অফিসার অথবা থানাকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।





















