বেনাপোলে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৫
- আপডেট: ০৬:৩৬:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরাতন মামলার সন্দেহভাজন দুই আসামি ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া দুইজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর-২০২৬) বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিব আহম্মেদ (৩০)। তিনি বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের সুলতান আহমেদ বাবু মেম্বারের ছেলে। অপরজন দক্ষিণ বারপোতা গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ডালিম (৪৭)।
এ ছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামি হলেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ রেহান (২৮), সাদীপুর গ্রামের মোঃ মশিয়ার রহমানের ছেলে মোঃ জুলমিরাজ হোসেন (২৯) এবং বড় আঁচড়া গ্রামের কাজল আলীর ছেলে কুদ্দুস (২৪)।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশক্রমে এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় থানার পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় পুরাতন মামলার তদন্তে সন্দেহভাজন দুই আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে বুধবার পুলিশ প্রহরায় বিধি অনুযায়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।





















