বেনাপোল আইসিপিতে বিজিবির অভিযানে ১৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১১:৫২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) পরিচালিত অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭০টি শাড়ি, ১১৪টি কম্বল, ৩৪টি চাদর, ৩ প্যাকেট ফুচকা, ২ কেজি কিসমিশ ও ১ হাজার ৩৫৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৩ লাখ ৪৩ হাজার ৯৫০ টাকা।
জব্দ করা চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করছে বিজিবি।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করা হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।





















