শিরোনাম:
মাগুরার মোহাম্মদপুরে নদীতে ভেসে এলো অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:৩২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ১০

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে মধুমতী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির পরনে একটি ব্লাউজ ও কয়েকটি পেটিকোট ছিল। গলায় ছিল তুলসীর মালা।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মহম্মদপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।






















