সীমান্ত হত্যা বন্ধসহ অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফের আলোচনা
- আপডেট: ০২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২০

নিজস্ব প্রতিবেদক: সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ নভেম্বর-২০২৬) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফারেন্স সেন্টারে দুই বাহিনীর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন ও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের শীর্ষ পর্যায়ে এ সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৬ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএমএস, বিজিওএম, পিএসসি। অন্যদিকে, ৭ সদস্যের বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) শ্রী দলজিত সিং, আইপিএস।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে বলে জানানো হয়।

এ সময় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে উভয় বাহিনী তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে গৃহীত আলোচনা ও সিদ্ধান্তগুলো সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি বেলা ১টা ৩০ মিনিটের দিকে সফলভাবে শেষ হয়।























