চৌগাছায় ৯০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট: ১১:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনকেরেক্স সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (২ নভেম্বর-২০২৬) সকাল ৯টার দিকে চৌগাছা উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজের সামনে চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের ইজিবাইক তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. হানিফ (২৯) এবং একই উপজেলার জলুলী গ্রামের উত্তরপাড়া এলাকার মো. তুজাম্মেল মণ্ডলের ছেলে মো. কামরুজ্জামান খোকা (৪৭)।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজিবাইকটি তল্লাশি করে ৯০ বোতল উইনকেরেক্স সিরাপ পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেফতার ব্যক্তিদের যশোরের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে। নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।




















