খুলনায় নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
- আপডেট: ০৪:০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ১২

রাসেল আহমেদ, খুলনা ব্যুরো: খুলনার রূপসা উপজেলায় আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় একটি কলাবাগানের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম। তাঁদের দুজনের গলাকাটা মরদেহ নদীতে ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আঠারোবাঁকী নদীতে দুটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি রূপসা থানা-পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দুপুর দেড়টার দিকে নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
কী কারণে এবং কারা তাঁদের হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।





















