ঝিকরগাছায় পূজা দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোনের মৃত্যু
- আপডেট: ০৮:৫৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ৭

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও গরু বাহী নসিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও চার জন।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের ছেলে শোভন (১০) ও মেয়ে দিশা (৩)।
নিহত শিশুদের বাবা সাধন কুমার যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষক। জানা গেছে, সোমবার বিকেলে তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পূজা দেখতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয় তাঁদের বহনকারী ভ্যানটি। গরু বহনকারী নসিমনটি তাদের ভ্যানের ওপর উল্টে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারায় শোভন ও দিশা। সাধন কুমার, তাঁর স্ত্রী এই দুর্ঘটনায় আহত হয়েছেন।
দুর্ঘটনায় নসিমনের চালক ও এর এক যাত্রীও গুরুতর আহত হয়েছেন। আহত নসিমন চালককে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুই শিশুর মরদেহ ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা ছিল। পূজা দেখতে বেরিয়ে দুই সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম। একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে মিশ্রীদেয়াড়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।




















