শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ১৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক
- আপডেট: ০৪:১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা সীমান্তে পৃথক অভিযানে ১৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ (Eskuf) আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
রোববার (২৩ আগস্ট-২০২৬) উপজেলার গোগা ও দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ২৩ আগস্ট দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করা হয়।
একই দিনে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১১০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ আটক করে বিজিবি।
আটক করা ১১০ বোতল এসকাফ সিরাপ মামলার আলামত হিসেবে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে দৌলতপুর বিওপির অভিযানে আটক ৭৪ বোতল এসকাফ সিরাপ মামলার আলামত হিসেবে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালান মালামাল ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















