বাঘারপাড়ায় মাদক সেবীকে ১৫ দিনের কারাদণ্ড দিলো ভ্রাম্যমান আদালত
- আপডেট: ০৮:৫২:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৫

সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযানে উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
দণ্ডপ্রাপ্ত আবু হোরাইরা (বয়স অজ্ঞাত) পুকুরিয়া গ্রামের বজলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, আবু হোরাইরা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় এলাকায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খল আচরণ করে জনমনে উদ্বেগ সৃষ্টি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে আটক করে তল্লাশি করলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন। জব্দ করা ইয়াবা উপস্থিত জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনর ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।





















