যশোর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ৮ কেজি রৌপ্য, বিদেশি মদ ও ফেনসিডিল উদ্ধার, আটক-১
- আপডেট: ০৫:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৮ কেজি রৌপ্য, ২৫ বোতল বিদেশি মদ ও ২১৯ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় রৌপ্য পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর-নড়াইল মহাসড়কের নিমতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মো. রবিউল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার আলাইপুর উত্তর গ্রামের আমজাদ আলীর ছেলে।
বিজিবি জানায়, আটক ব্যক্তির বহন করা ব্যাগে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ কেজি ৯৩০ গ্রাম রৌপ্য উদ্ধার করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার ৩৩০ টাকা জব্দ করা হয়েছে।
এদিকে একই দিনে যশোর ব্যাটালিয়নের মাসিলা বিওপির অভিযানে ২৫ বোতল বিদেশি মদ এবং পাঁচপীরতলা বিওপির অভিযানে ২১৯ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধার করা বিদেশি মদ ও নেশাজাতীয় সিরাপ মামলার আলামত হিসেবে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। রৌপ্যসহ আটক রবিউল ইসলামকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং উদ্ধার করা রৌপ্য যশোর ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণ, রৌপ্য ও মাদক পাচারের প্রবণতা বেড়েছে। এসব পাচারকারীকে আটক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে পাচারকারী আটক ও চোরাচালানের মালামাল উদ্ধার করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















