খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১৩৯ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
- আপডেট: ০৬:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৬

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৩৯ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৫১৯ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত এক উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার। তিনি বলেন, পৌরবাসীর চাহিদা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব, বাস্তবমুখী ও উন্নয়নকেন্দ্রিক বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনসম্পৃক্ততা নিশ্চিত করে পৌরসভার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রশাসন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বাজেটের বিভিন্ন দিক ও আয়-ব্যয়ের খাত উপস্থাপন করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা পারভীন আক্তার খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ. এম. প্রফুল্লসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে পৌরবাসীর মতামত গ্রহণ এবং অংশগ্রহণমূলক স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।





















