যশোরে র্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট: ০৯:২৬:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ১৯

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প এবং র্যাব-৬, সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর যৌথ অভিযানে শনিবার (১৮ জুলাই-২০২৬) রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভুতুরিয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে রবিউল তালুকদার (২৭)কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার রবিউল তালুকদার গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়ের করা মামলা নং-০৫/২৬ (তারিখ: ২ জুলাই ২০২৬)-এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি। মামলাটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুমাইয়া আক্তার নাজমা (২৩)-এর স্বামী প্রায় চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। এই সুযোগে প্রতিবেশী রবিউল তালুকদার বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগে বলা হয়, গত ২৮ জুন ২০২৬ দুপুরে আসামি তার ব্যবহৃত ইমো নম্বর ও ‘Talukder Robiul Islam’ নামের ইমো আইডি থেকে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করেন। একই সঙ্গে ৩০ হাজার টাকা দাবি করে টাকা না দিলে ওই ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
পরে ভুক্তভোগী কোটালীপাড়া থানায় লিখিত এজাহার দাখিল করলে এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।






















