তারেক রহমানের পথসভায় মাইক খুলে নেওয়ার অভিযোগ কুমিল্লার এসপির বিরুদ্ধে
- আপডেট: ০৫:৪৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ২

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভা ঘিরে ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে।
রবিবার দুপুরে এ অভিযোগ করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
তিনি জানান, গত শনিবার চাঁদপুর সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভায় অংশ নেওয়ার সম্মতি দেন। এ উপলক্ষে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়।
এমপি আবুল কালামের ভাষ্য, পথসভার দিন সকালে কুমিল্লার এসপির নির্দেশে ডিবি পুলিশ এসে সভামঞ্চের মাইক খুলে নেয়। পরে নেতাকর্মীরা বাধা দিলে ডিবি পুলিশ জানায়, তারা এসপির নির্দেশেই এ কাজ করেছে। একপর্যায়ে নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ মাইক রেখে সরে যেতে বাধ্য হয়।
তিনি আরও বলেন, যতটুকু শুনেছি, কুমিল্লার এসপি আওয়ামী লীগের আমলে একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন। বিষয়টি আমি দলের হাইকমান্ডকে জানিয়েছি।
অভিযোগের বিষয়ে জানতে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন কল কেটে দেন। পরে তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো ক্ষুদেবার্তার জবাবে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।
প্রসঙ্গত, গত শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সফরে যান। সেখানে দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন এবং জনসভাসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফফরগঞ্জ বাজার ও বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন খেলার মাঠে দুটি পথসভা করেন প্রধানমন্ত্রী।
মুদাফফরগঞ্জ বাজারের পথসভায় তিনি প্রায় আড়াই মিনিট বক্তব্য দেন।





















