ফরিদপুরে র্যাবের অভিযানে নড়াইলের প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার আসামি আটক
- আপডেট: ০১:০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রহমান শেখ (২৫)কে গ্রেফতার করেছে র্যাব-৬।
মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২১ জুলাই-২০২৬) ভোর ৩টার দিকে র্যাব-৬, সিপিসি-৩ যশোর এবং র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার রহমান শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার কুমারডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে।
র্যাব জানায়, মামলার এজাহার ও প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার প্রয়োজনে ভুক্তভোগী ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন রহমান শেখ। নির্ধারিত সময় পার হলেও টাকা ফেরত না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি।
গত (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে পাওনা টাকা চাইতে মোবাইল ফোনে যোগাযোগ করলে ভুক্তভোগীকে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেতে বলা হয়। সেখানে ফকির আলীনুর তার ভাই ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
এ সময় ফকির আলীনুর গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে গেলে তার ভাই ও ভগ্নিপতিও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া সরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ফকির আলীনুর মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই আমিনুল ফকির লোহাগড়া থানায় রহমান শেখসহ সংশ্লিষ্টদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নড়াইলের লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।





















