যশোরে মামলা দায়েরের এক ঘণ্টায় ডিবির অভিযানে মালামালসহ চোর গ্রেফতার
- আপডেট: ০৭:৫৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরে চুরি মামলা দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যে চোরকে গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারের ঘটনা ঘটেছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের তাৎক্ষণিক অভিযানে এ সাফল্য আসে।
মামলার বাদী যশোর শহরের কাজীপাড়া লিচু বাগান এলাকার বাসিন্দা মোছাঃ নুসরাত নাজনীন (৪৪) জানান, গত ১২ ফেব্রুয়ারি অসুস্থতার কারণে পরিবারের সদস্যদের নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান। পরে ২৮ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক দেড়টার দিকে বাসায় ফিরে দেখেন ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। দুর্বৃত্তরা বাসার মূল গেটের গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় গত ২৫ এপ্রিল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই অলক কুমার দে, পিপিএম-এর ওপর ন্যস্ত করা হয়।
তদন্তভার গ্রহণের পরপরই এসআই অলক কুমার দে-এর নেতৃত্বে এসআই কামাল হোসেন ও এসআই কামরুজ্জামানসহ একটি চৌকস দল সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। মাত্র এক ঘণ্টার মধ্যে তারা আসামি মোঃ শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’ (৩২)-কে তার ভাড়া বাসার সামনে থেকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সিসিটিভি ফুটেজ দেখানো হলে আসামি নিজেকে ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি হিসেবে স্বীকার করে এবং চোরাই মালামাল তার বাসায় রাখা আছে বলে জানায়। তার দেওয়া তথ্যমতে বাসার শয়নকক্ষের আলমারি থেকে একটি ঔষধের কৌটার ভেতর লুকিয়ে রাখা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—এক জোড়া ২১ ক্যারেট কমল চেইন (ওজন ৮ আনা ১ পয়েন্ট), যার আনুমানিক মূল্য ১ লাখ ১৮ হাজার ৮০ টাকা এবং এক জোড়া পুরাতন ঝুমকা পাশা কানের দুল (ওজন ৮ আনা ৪ পয়েন্ট), যার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
ডিবি পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত শামীম দীর্ঘদিন ধরে পুলিশের বাসা টার্গেট করে চুরি করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















