চৌগাছা সীমান্তে বিজিবির অভিযানে এয়ার গান ও সরঞ্জামদিসহ গ্যাস পিস্তল উদ্ধার
- আপডেট: ০৮:১৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১

নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এয়ার গান ও বিদেশি গ্যাস পিস্তলসহ অস্ত্রের আনুষাঙ্গিক সরঞ্জাম আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের একটি মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি ভারতীয় এয়ার গান, ১টি বিদেশি গ্যাস পিস্তল এবং অস্ত্রের বিভিন্ন আনুষাঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আনুষাঙ্গিকের মধ্যে রয়েছে ট্রিগার স্প্রিং ৩০টি, ব্যাকসাইড ‘ইউ’ ১৪টি এবং ফ্রন্ট সাইড টিপ ২৯টি। আটককৃত অস্ত্র ও সরঞ্জামাদির সর্বমোট সিজার মূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা ও অবৈধ অস্ত্র প্রবেশ রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















