সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে খাগড়াছড়িতে বিজিবির ব্যাপক প্রস্তুতি
- আপডেট: ০৫:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্নের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সারা দেশে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী জেলা খাগড়াছড়িতে নির্বাচন নিরাপত্তা জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)’র প্রশিক্ষণ ছাউনিতে সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মুত্তাকিম।
তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে মোতায়েন রয়েছে। পাঁচটি ব্যাটালিয়নের মাধ্যমে ২৫৪.৩০ কিলোমিটার পার্বত্য সীমান্ত সুরক্ষার মূল দায়িত্বের পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সক্রিয়ভাবে কাজ করছে বাহিনীটি। এ লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে।
তিনি আরও জানান, সংসদীয় আসন ২৯৮ (খাগড়াছড়ি পার্বত্য জেলা)-তে সর্বমোট ১৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৫ প্লাটুন, মহালছড়িতে ৩ প্লাটুন, পানছড়িতে ৬ প্লাটুন এবং দীঘিনালায় ৫ প্লাটুন দায়িত্ব পালন করছে। পাশাপাশি সংসদীয় আসন ২৯৯ (রাঙ্গামাটি পার্বত্য জেলার আংশিক)-এর বাঘাইছড়ি উপজেলায় মোতায়েন রয়েছে আরও ১১ প্লাটুন। সবমিলিয়ে মোট ৩০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
নিরাপত্তা জোরদারে খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৮টি অস্থায়ী বেইজ ক্যাম্প এবং রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ৬টি বেইজ ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করা হচ্ছে বলে জানান তিনি।
কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করছে। রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য।
ভোটাররা যাতে কোনো ভয়-ভীতি বা শঙ্কা ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ে কাজ করছে। মাঠপর্যায়ে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যদের বিভিন্ন পর্যায়ে বিশেষ নির্বাচন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, যাতে তারা যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হন।
নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি ব্যবহার করবে বডি ওর্ন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোন, আধুনিক যোগাযোগ সরঞ্জাম, বিভিন্ন ধরনের রায়োট কন্ট্রোল সামগ্রী এবং নির্বাচন সুরক্ষা অ্যাপ। এসব প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তর ও ব্যাটালিয়ন পর্যায়ে বিশেষ মনিটরিং সেল ও সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন, যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং প্রয়োজনে গ্রেফতার কার্যক্রম পরিচালনা করবে—যাতে কোনো মহল নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।
সংবাদ সম্মেলনে কর্নেল মো. আব্দুল মুত্তাকিম আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে অর্পিত দায়িত্ব দৃঢ়ভাবে পালন করে যাবে।



















