বাঘারপাড়ায় মাদক সেবনকালে পিতা-পুত্র আটক, ৭ দিনের কারাদণ্ড
- আপডেট: ১২:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় পিতা ও পুত্রকে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আজ সকালে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঢালিপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একই বাড়িতে পিতা ও পুত্রকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। আটককৃতরা হলেন—ঢালিপাড়া গ্রামের মোঃ শওকত আলী (পিতা) ও তার ছেলে মোঃ রিপন হোসেন।
মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটককৃত মোঃ শওকত আলীর বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পূর্বের মামলা থাকা সত্ত্বেও তিনি পুনরায় মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়ায় প্রশাসনের নজরে আসেন।
আটকের পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বাঘারপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালি সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় পিতা ও পুত্র উভয়কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা প্রদান করেন। জরিমানার অর্থ অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, সমাজ থেকে মাদকের ভয়াবহ আগ্রাসন রোধে বাঘারপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদক সেবন ও কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।


















