বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য জব্দ
- আপডেট: ১২:০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল বেনাপোল আইসিপি ও আমড়াখালী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে শাড়ি, বিভিন্ন ধরনের পোশাক সামগ্রী ও কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য এক লাখ তেইশ হাজার পাঁচশত টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এতে আরও বলা হয়, নিয়মিত অভিযানের মাধ্যমে বিজিবি মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাচার চক্র দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















