৬৪ উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি: মহাপরিচালক
- আপডেট: ০৮:০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। নির্বাচনি নিরাপত্তা জোরদারে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ব্যবহার করা হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে হেলিকপ্টারে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মিনি স্টেডিয়ামে পৌঁছান বিজিবি মহাপরিচালক। পরে ঝিনাইগাতী উপজেলার আদর্শ মহিলা ডিগ্রি কলেজে স্থাপিত নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিজিবি প্রধান।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিজিবি উত্তর-পূর্ব সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মুস্তাফিজুর রহমান, ৩৯ ময়মনসিংহ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, সেনাবাহিনীর ৫৮ বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আমিন, শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার কামরুল ইসলামসহ ডিজিএফআই, এনএসআই ও পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা।























