নাশকতা মামলায় শার্শার এক সাংবাদিকসহ আ.লীগের ১১ নেতাকর্মী কারাগারে
- আপডেট: ১১:৩৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১০৭

নিজস্ব প্রতিবেদক: যশোরে বিস্ফোরক ও নাশকতা মামলায় শার্শা উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৭ জুলাই ২০২৫) তারা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।
আদালত শারীরিক পরিস্থিতি বিবেচনায় কাজিরবেড় গ্রামের আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন। তবে বাকি ১০ জনের জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (এপিপি) নুর আলম পান্নু।
আত্মসমর্পণকারী অন্য নেতাকর্মীরা হলেন—কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন, দক্ষিণ বুরুজ বাগান গ্রামের সাংবাদিক ইয়ানুর রহমান, আব্দুল মতিন, শাহীন মেম্বার, জাফর, আইজুল, স্বপন, সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান ও উত্তর বুরুজবাগান গ্রামের মোরাদ হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৪ ডিসেম্বর রাতে বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠানে নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। ওই সময় সাকিব নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
পরদিন দক্ষিণ বুরুজ বাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় বিস্ফোরক দ্রব্য এবং নাশকতা আইনে মামলা দায়ের করেন। মামলায় শার্শার সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনসহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
আত্মসমর্পণকারী ১১ নেতাকর্মী ওই মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।















