বাঘারপাড়ার (বাসুয়াড়ী ইউপি) সচিবের বিরুদ্ধে জন্ম সনদে ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ
- আপডেট: ০৫:৫১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৬

নিজস্ব প্রতিবেদক : যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আব্দুল আলীমের বিরুদ্ধে জন্ম নিবন্ধনের সনদ দিতে ২০ হাজার টাকা ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে।
যে বিষয়ে একটি অডিও রেকর্ডসহ অভিযোগ ডিডিএলজির কাছে; প্রাথমিক সত্যতা পাওয়ার দাবি ইউএনওর, পাঁচ কর্মদিবসের মধ্যে জবাব তলব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষনগর গ্রামের বাসিন্দা মোঃ নিসার আলীর ছেলে আবু রায়হানের শিশু কন্যা রাইছার জন্মনিবন্ধনের জন্য আবেদন করেন। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন হলেও সনদ সংগ্রহ করতে গেলে ইউপি সচিব আব্দুল আলীম তার কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৩ আগস্ট যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) বরাবর অনলাইনে অডিও রেকর্ডসহ লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আবু নিসার আলীর স্ত্রী (রায়হানের মা) রজিনা বেগম। এরপর অভিযোগটি উপজেলা প্রশাসনে পাঠানো হলে ৪ আগস্ট বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে আব্দুল আলীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, আব্দুল আলীমের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন পরিষদে কর্মরত থাকাকালে দায়িত্বে অবহেলার অভিযোগে গত ১২ মার্চ তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে শোকজ নোটিশ পান। পরে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় সেখান থেকে তাকে বদলি করা হয়। বর্তমানে তিনি অত্র উপজেলর বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দোহাকুলা ইউনিয়ন পরিষদের কাজও দেখভাল করছেন।
স্থানীয়দের অভিযোগ, আব্দুল আলীমের বিরুদ্ধে অতীতেও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার দরাজহাট ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ইউপি সদস্য পান্নু মিয়া দাবি করেন, তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবে এসব মামলার চূড়ান্ত রায় হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল আলীমের মুঠোফোনে সাংবাদিকরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ৫ই আগস্ট সকালে অন্য একজনের মাধ্যমে ফোন দিলে তিনি রিসিভ করে বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। এসময় তিনি অভিযোগ কারিদের নামে দোষারোপ করেন। বিষয়টি নিয়ে কথা হয়েছে ভুক্তভুগি পিতা (নিছার আলির) সাথে, তিনি বলেন, জন্ম সনদে ভোগান্তি এবং সচিব যে তার কাছে টাকা চেয়েছে এটি সত্য। যেসব প্রমাণাদি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার সাংবাদিক কে বলেন, “ডিডিএলজি স্যারের ফরওয়ার্ড করা অভিযোগের ভিত্তিতে অভিযোগকারীর সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরপর বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল আলীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তার জবাব পাওয়ার পর বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”






















